মমেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭, শনাক্তের হার ৩২.২৩ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয় জন এবং সন্দেহভাজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন।
দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৬৬ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৪১৬ জন এবং আইসিউতে ২১ জন চিকিৎসাধীন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের মোস্তাফিজুর রহমান (৪২) ও ত্রিশালের আব্দুল খালেক (৬৭), শেরপুর সদরের লুৎফুন্নেছা বেগম (৬০), নারায়ণপুরের আবুল মোতালেব (৬৪), নালিতাবাড়ির রোকসানা (২৩) এবং জামালপুর সদরের চান মিয়া (৬৫)।
এ ছাড়া, সন্দেহজনক উপসর্গ নিয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের জলিল (৪৫), ইদ্রিস আলী (৬১), শামসুন্নাহার (৭০), হোসেন আলী (৩৮), নূর বানু (৬০), সিরাজুল (৯০), মুক্তাগাছার আল জিন্নাত (৬৫), ভালুকার বিল্লাল হোসেন (৫৬), জামালপুর সদরের আব্দুল মান্নান (৬৫), আব্দুল কুদ্দুস (৮৫) এবং নেত্রকোণা সদরের আব্দুর রহমান (৫০)।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৮১৬টি নমুনা পরীক্ষায় আরও ২৬৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ দশমিক ২৩ শতাংশ।
জেলায় মোট শনাক্ত ১০ হাজার ১৪৬ জন। সুস্থ হয়েছেন সাত হাজার ৫৬০ জন। মোট ১০২ জন মারা গেছেন বলেও জানান তিনি।