মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৮
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে। বাকি তিন জন শেরপুর, নেত্রকোণা ও জামালপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি ময়মনসিংহে। এ ছাড়া, দুই জন টাঙ্গাইল, দুই জন জামালপুর ও একজনের বাড়ি নেত্রকোণায়।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। মোট ভর্তি আছেন ৪৭২ জন। এর মধ্যে ২২ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।
ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৯৪টি নমুনা পরীক্ষা করে ৪৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে মোট ১৪ হাজার ৫৩৩ জনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৭৩৪ জন।