মমেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ২৫
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনার উপসর্গ দেখা দিয়েছিল।
আজ রোববার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, করোনায় মারা যাওয়া ১০ জনের মধ্যে আট জনই ময়মনসিংহের বাসিন্দা। এ ছাড়া, একজন নেত্রকোণা ও একজন শেরপুরের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ জনের মধ্যে ১০ জনের বাড়িই ময়মনসিংহে। বাকিদের মধ্যে দুই জন নেত্রকোণা, একজন কিশোরগঞ্জ, একজন টাঙ্গাইল ও একজন জামালপুরের বাসিন্দা।
হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৬ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। হাসপাতালে মোট ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে ২১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।
ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬৮৪টি নমুনা পরীক্ষা করে ১৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৯ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট ১৯ হাজার ১৮১ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ২৮৪ জন।