মমেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে দ্বিগুণ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিদের করোনা সংক্রমণের উপসর্গ দেখা দিয়েছিল।

আজ বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনায় মারা যাওয়া চার জনের বাড়িই ময়মনসিংহে। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা।

হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন। আজ সকাল পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি ছিলেন ১৯৮ জন। এর মধ্যে ১১ জনকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে— বলেন ডা. মহিউদ্দিন।

গতকাল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে চার জন করোনায় আক্রান্ত ছিলেন। বাকি একজন করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৮০৩টি নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৯২ শতাংশ। জেলায় এ পর্যন্ত ২০ হাজার ৫৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৮১ জন।