মমেক হাসপাতালে আজ মৃত্যু ১১, শনাক্তের হার ২৫.৬৬ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ রোববার সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ছয় জনের মধ্যে পাঁচ জন ময়মনসিংহ ও একজন টাঙ্গাইলের বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ জনের মধ্যে ময়মনসিংহ ও গাজীপুরের দুই জন করে চার জন ও একজন জামালপুরের একজন রোগী মারা গেছেন।’
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ২৭২ জন ও আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
জেলার সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৭১৭টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ।