মমেক হাসপাতালে আজ মৃত্যু ১২, শনাক্তের হার ৩৫.৮৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১২ জনের মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন ৭৩ জন ভর্তি হয়েছেন। মোট ভর্তি আছেন ৪১৭ জন এবং আইসিউতে চিকিৎসাধীন ২১ জন।’

হাসপাতাল সূত্র জানিয়েছে, করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে টাঙ্গাইলের একজন, ময়মনসংহের দুই জন, একজন নেত্রকোণার ও দুই জন জামালপুরের বাসিন্দা।

ময়মনসিংহের জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৪২৯টি নমুনা পরীক্ষায় আরও ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৫ দশমিক ৮৯ শতাংশ।