মমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় নবজাতকসহ মৃত্যু ১১, শনাক্ত ১৭.৮২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় চার জন ও উপসর্গে সাত জন মারা গেছেন।

মৃতদের মধ্যে ময়মনসিংহে ১০ জন ও গাজীপুরের ১ জন রয়েছে।

আজ সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছে।

করোনায় মৃতরা হলেন— ময়মনসিংহ সদরের জামেলা খাতুন (৮৬), ত্রিশালের আয়শা হুজাইফা (২ মাস), নান্দাইলের সালেমা (৯০) ও ঈশ্বরগঞ্জের আব্দুস সালাম (৫৫)।

এ ছাড়াও, উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন: ময়মনসিংহ সদরের সেলিনা (৪৫) ও ফৌজিয়া খাতুন (৪৫), ভালুকার গোলাপী (৫০), জুয়েল (২৮), ত্রিশালের আছিয়া খাতুন (৫৫), নান্দাইলের রাবেয়া (৮০) ও গাজীপুর সদরের নূরজাহান (৭০)।

এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন ডেইলি স্টারকে জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৪ জন ভর্তিসহ এখন পর্যন্ত সেখানে ১৯৭ জন ও আইসিইউতে ১৮ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৩৭ জন।

এ দিকে, ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় ৭৭৪টি নমুনা পরীক্ষায় আরও ১৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ।

জেলায় মোট শনাক্ত ২০ হাজার ২৪১ জন, মারা গেছেন ২৫৫ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪৫ জন।