মাদারীপুরে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪২.৮৫ শতাংশ
মাদারীপুরে করোনা আক্রান্ত হয়ে গত ৪৮ ঘণ্টায় তিন জন মারা গেছেন। আর, গত ২৪ ঘণ্টায় জেলার ৯৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ৮৫ শতাংশ।
আজ শুক্রবার বিকালে মাদারীপুরের সিভিল সার্জন ডা. মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, মাদারীপুরে নতুন শনাক্ত ৪২ জনের মধ্যে মাদারীপুর সদর উপজেলার আছে নয় জন, কালকিনি উপজেলায় ১৩ জন, রাজৈর উপজেলায় ১৩ জন ও শিবচর উপজেলার সাত জন।
গত ২৪ ঘণ্টায় কালকিনি উপজেলায় একজন করোনা রোগী মারা গেছেন। এ সময় নতুন করে কেউ সুস্থ হননি।
এর আগের ২৪ ঘণ্টায় মাদারীপুরে ৪১১টি নমুনা পরীক্ষায় ৮৪ জনের করোনা শনাক্ত হয় এবং শনাক্তের হার ছিল ২০ দশমিক ৪৩ শতাংশ। এ সময় রাজৈর উপজেলায় দুই জন করোনা রোগী মারা যান। এ সময় সাত জন নতুন করে সুস্থ হয়েছেন।
মাদারীপুরে এ পর্যন্ত ২১ হাজার ৮৩০টি নমুনা পরীক্ষায় তিন হাজার আট জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩৫ জন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন আছেন ৫৫৯ জন এবং হাসপাতাল আইসোলেশনে ১৩ জন ও হোম আইসোলেশনে ৫৫৬ জন আছেন।