করোনাভাইরাস

মানিকগঞ্জে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৩৫.৩২ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১৮টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩৫ দশমিক ৩২ শতাংশ। এ ছাড়া, একই সময়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই জন।

আজ বৃহস্পতিবার রাতে জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৪ হাজার ৩৫৩টি নমুনা পরীক্ষায় দুই হাজার ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার শতকরা ১২ দশমিক ০৪ ভাগ।

মে মাসে নমুনা পরীক্ষা করা হয় এক হাজার ৪১৬টি। এতে করোনা শনাক্ত হয় ১০৯ জনের। জুন মাসে নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ৩৭৯টি। এতে করোনা শনাক্ত হয়েছে ২৪৫ জনের। আর চলতি মাসের আট দিনে নমুনা পরীক্ষা করা হয়েছে এক হাজার ১৮১টি। এতে করোনা শনাক্ত হয়েছে ৩৪৩ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় চার জন মারা গেছেন।

হাসপাতালের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক মানবেন্দ্র সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, ‘প্রতিদিন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। করোনা ওয়ার্ড ও আইসোলেশন ওয়ার্ড মিলে রোগীদের জন্য বেড আছে ১০০টি। ৮ জুলাই দুপুর পর্যন্ত ৯৬টি বেডে রোগী আছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ৬৫ জন এবং আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৩১ জন।’

মাত্র চারটি বেড ফাঁকা আছে উল্লেখ করে তিনি বলেন, ‘রোগীদের সংখ্যা বেড়ে যাওয়ায় বেডের সংখ্যা বাড়াতে হচ্ছে। জনবলও বাড়াতে হবে।’