মানিকগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে শনাক্ত ও মৃত্যু

জাহাঙ্গীর শাহ, মানিকগঞ্জ

মানিকগঞ্জে করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে উদ্বেগজনকভাবে। আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৫ এপ্রিল মানিকগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর সংক্রমণ ধীরে ধীরে বাড়তে থাকে। গত বছরের ডিসেম্বরে সংক্রমণ অনেকটা কমে আসলেও চলতি বছরের এপ্রিলের মাঝামাঝিতে সংক্রমণ আবারও বাড়তে থাকে। জুলাই মাসে উদ্বেগজনকভাবে বেড়ে যায় করোনা শনাক্ত ও মৃত্যু হার।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান থেকে দেখা যায়, জুলাই মাসে সাত হাজার ৫৩৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৬৩৬ জনের এবং মারা গেছেন ৩০ জন।

আর আগস্টের প্রথম তিন দিনে এক হাজার ৯৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছে ৫২৯ জন। এই সময়ে মারা গেছেন আট জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা বলেন, 'জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৮২ জনের। এ পর্যন্ত করোনায় আক্রান্ত ৮৮ জন মারা গেছেন।'

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, 'আমাদের হাসপাতালের ২৫০ শয্যার মধ্যে ১০০ শয্যা দিয়ে চালু করা হয়েছিল কোভিড ডেডিকেটেড হাসপাতাল। কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। এ কারণে, গতকাল থেকে হাসপাতালের সবগুলো শয্যাই রাখা হয়েছে করোনা রোগীদের চিকিৎসার জন্য।'

তিনি আরও বলেন, 'আজ দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ৩১০ জন রোগী। তাদের মধ্যে ১১৭ জন করোনা পজিটিভ এবং ১৯৩ জন রয়েছেন আইসোলেশনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৬১ জন।'

সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ বলেন, 'চলমান বিধিনিষেধেও মানুষ বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন। তারা মাস্ক ব্যবহার করছেন না, স্বাস্থ্যবিধি মানছেন না। অনেকের করোনার উপসর্গ দেখা দিলেও নমুনা পরীক্ষা করছেন না। এসব কারণে মানিকগঞ্জে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে।'