মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৪২.৪৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন চার জন। এসময়ে ৪১৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৭ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৪২ দশমিক ৪৪ শতাংশ।

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

তিনি বলেন, 'নতুন আক্রান্ত ১৭৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৫৩ জন, সাটুরিয়ায় ৩৫ জন, শিবালয়ে ৩৩ জন, ঘিওরে ২০ জন, সিংগাইরে ১৭ জন, দৌলতপুরে ১১ জন এবং হরিরামপুর উপজেলায় আছেন আট জন।'

এই স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, 'জেলায় এ পর্যন্ত ৩৩ হাজার ৫৬৬টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে পাঁচ হাজার ৭৮২ জনের। এরমধ্যে সুস্থ হয়েছেন তিন হাজার ৩৮৯ জন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৮৮ জন।'