মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৭০ শতাংশ, মৃত্যু ৫
গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে ২৭০টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ৯১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৭০ শতাংশ।
আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে জেলায় পাঁচ জন মারা গেছেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আওতাধীন ১০০ শয্যা কোভিড ডেডিকেটেড হাসপাতালে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. কাজী একেএম রাসেল। তিনি বলেন, ‘পাঁচ জনের মধ্যে দুই জন করোনা পজিটিভ ও তিন জন উপসর্গ নিয়ে মারা গেছেন।’
‘আজ বিকেল পর্যন্ত আমাদের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩৭ জন রোগী। তাদের মধ্যে করোনা আক্রান্ত ৯০ জন ও ৪৭ জনের উপসর্গ রয়েছে। ভর্তি রোগীদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন পাঁচ জন। গত ২৪ ঘণ্টায় পজিটিভ রোগী ভর্তি হয়েছেন নয় জন ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচ জন’, যোগ করেন ডা. কাজী একেএম রাসেল।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে ৩৮ জন মানিকগঞ্জে সদরের, ২০ জন সিংগাইরের, নয় জন শিবালয়ের, নয় জন সাটুরিয়ার, নয় জন ঘিওরের, তিন জন হরিরামপুরের ও তিন জন দৌলতপুরে। এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৯৭৭টি নমুনা পরীক্ষা করে তিন হাজার ৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে দুই হাজার ৪৩৭ জন সুস্থ হয়েছেন এবং মারা গেছেন ৫৯ জন। বাকিরা হাসপাতাল ও নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।