মানিকগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৫.৪৫ শতাংশ
মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৫৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৩৫ দশমিক ৪৫ শতাংশ। এ সময় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন একজন।
আজ সোমবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, নতুন আক্রান্ত ২০১ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ৬১ জন, সিংগাইরে ৪৫ জন, সাটুরিয়ায় ২৮ জন, শিবালয়ে ৩২ জন, ঘিওরে ১৫ জন, দৌলতপুর ১৩ জন ও হরিরামপুরে সাত জন রয়েছেন।
জেলায় গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত সাত দিনে দুই হাজার ৪৮টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৬১০ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৭৯ শতাংশ।
আক্রান্ত ৬১০ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ১৮৩ জন, সিংগাইরে ১৪৪ জন, শিবালয় ৭৯ জন, সাটুরিয়া ৬৭ জন, হরিরামপুর ৫৫ জন, ঘিওরে ৫৩ জন ও দৌলতপুরে ২৯ জন। সেসময়ে করোনায় ছয় জন ও উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন।
সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৬৭টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৭০৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭৪ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬৫ জন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) কাজী একে এম রাসেল দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, জেলা হাসপাতালের আওতাধীন ১০০ শয্যা কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে পজিটিভি রোগী ভর্তি আছেন ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ৪১ জন।
আইসোলেশন ওয়ার্ডে রোগী ভর্তি আছেন ৮১ জন। তাদের মধ্যে পুরুষ ৪২ জন ও নারী ৩৯ জন।
জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ ডেইলি স্টারকে বলেন, ‘সংক্রমণ রোধ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। মানুষ সচেতন হলেই কেবল করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। অন্যথায় আরও বিপর্যয় ঘটবে।’