মাসে ১ কোটি ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী দিনে প্রতি মাসে এক কোটি লোককে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে একটি কনভেনশন সেন্টারকে করোনা হাসপাতালে রূপান্তর কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী এই কথা বলেন।

তবে কবে থেকে প্রতি মাসে এক কোটি ডোজ টিকাদান শুরু হবে এ ব্যাপারে তিনি কিছু জানাননি।

স্বাস্থ্যমন্ত্রী জানান, আজ স্বাস্থ্য অধিদপ্তরে টিকা ব্যবস্থাপনার বিষয়ে একটি বৈঠক করা হয়েছে এবং সামনের মাসগুলোতে কোন দেশ থেকে কত ভ্যাকসিন আসবে এ নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, 'আমরা হিসেব করে দেখেছি, আগামী এক বছরে ২১ কোটি ডোজ টিকা দেশে আসবে। সে অনুযায়ী পরিকল্পনা করছি।'

সরকারের আট কোটি টিকা সংরক্ষণের সক্ষমতা রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও জানান, সরকারের এখন আল্ট্রা কোল্ড ফ্রিজারে সংরক্ষণ করতে হয় এমন ৩০ লাখ ডোজ ভ্যাকসিন রয়েছে। টিকা রাখার ব্যবস্থাপনা জরুরি। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিদেশ থেকে ফ্রিজ আনার পরিকল্পনা চলছে। এরপরই এক কোটি ডোজ সংরক্ষণ করা যাবে।