মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বক্তব্য ও পরবর্তী ব্যাখ্যা

স্টার অনলাইন রিপোর্ট

'আঠারো বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে'— গতকাল দেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, 'টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না' বলে যে সংবাদটি প্রচারিত হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রস্তাবনা দেওয়া হয়নি।

এর পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, 'টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১১ আগস্টের পর থেকে বাইরে বের হতে পারবে না' শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে মন্ত্রীর যে বক্তব্য প্রচারিত হচ্ছে, বক্তব্যের সে অংশটুকু প্রত্যাহার করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গতকাল সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছিলেন, ১১ তারিখ থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। মুভ করতে হলে ভ্যাকসিনেটেড হতে হবে। সভায় চলমান লকডাউন ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।

 

আরও পড়ুন
'ভ্যাকসিন ছাড়া মুভমেন্ট শাস্তিযোগ্য অপরাধ'