মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে ৪৭.৫৯ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৬৬টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ৭৯ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৭ দশমিক ৫৯ শতাংশ। এর আগে ২৪ ঘণ্টায় জেলায় শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত ছয় হাজার ৪৭৩ জনকে শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৭৫ জন।

কঠোর বিধি-নিষেধের অষ্টম দিনে মুন্সিগঞ্জ শহর এলাকায় যথেষ্ট কড়াকড়ি ছিল। তবে, শহরের বাইরে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল বেশি। শহরের সড়কগুলোতে পরিবহন সংকটের কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। বাজার থেকে পণ্য কিনে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।