মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৩.৩৩ শতাংশ
মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২০১টি নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। এই সময়ে জেলায় করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি।
আজ বুধবার বিকেলে মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি জানান, এ নিয়ে এখন পর্যন্ত জেলায় ছয় হাজার ৩৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৭২ জন। আর বর্তমানে হোম কোয়ারেন্টিনে কিংবা চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ৮৮ জন।
ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ৫০ শয্যার করোনা ইউনিটে আইসিইউ কিংবা হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা নেই। তবে, সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট আছে। সেখানে পাঁচ হাজার ৭০০ লিটার অক্সিজেন সরবরাহ আছে।’
কঠোর বিধি-নিষেধের সপ্তম দিনে মুন্সিগঞ্জ শহর এলাকায় পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধিদের মাঠে দেখা যায়। শহরের বাইরে যানবাহন ও মানুষের উপস্থিতি ছিল বেশি। তবে, পরিবহন সংকটের কারণে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষেরা দুর্ভোগে পড়েন। জেলার প্রবেশগুলোতেও থাকা চেকপোস্টে দেখা গেছে শিথিলতা।
ঢাকাগামী যাত্রী সিফাত হোসেন বলেন, ‘মুন্সিগঞ্জ শহরের শ্রী পল্লী এলাকা থেকে দুপুর ২টায় বের হয়ে ৩০ মিনিট পায়ে হেঁটে একটি রিকশা দিয়ে মুক্তারপুর সেতু পর্যন্ত আসি। পথিমধ্যে পুলিশের কোনো চেকপোস্ট ছিল না। তবে, এলাকার মোড়ে মোড়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দেখা যায়।’
‘এরপর সেতুর টোলপ্লাজা থেকে অটোরিকশায় নারায়ণগঞ্জের চাষাড়া আসি ৫০ টাকা জনপ্রতি ভাড়া দিয়ে। এরপর সেখান থেকে ১০০ টাকা ভাড়া দিয়ে রিকশায় সাইনবোর্ড। তারপর ৭০ টাকা ভাড়ায় ঢাকার যাত্রাবাড়ী এসেছি। বাসা থেকে বের হয়ে গন্তব্যে পর্যন্ত চারটি চেকপোস্ট দেখেছি। কিন্তু, কোথাও জিজ্ঞাসাবাদ করেনি কেউ’, বলেন তিনি।
মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা (জেএম) শাখার সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন ডেইলি স্টারকে জানান, আজ বিকেল ৩টা পর্যন্ত জেলায় ৯৬ জনকে ৫১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ২৩ জন ম্যাজিস্ট্রেট। স্বাস্থ্যবিধি না মেনে বিনা কারণে বাইরে বের হওয়া ও দোকানপাট খোলা রাখায় এ জরিমানা করা হয়।