মৃত সন্তান জন্ম দিয়ে মারা গেলেন করোনা আক্রান্ত মা
কুষ্টিয়ায় মৃত সন্তান জন্ম দেওয়ার ২৬ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত এক মা। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান।
মৃত রহিমা খাতুন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আজমপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হালসা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ২০ জুলাই রহিমার শরীরে জ্বরসহ করোনার উপসর্গ দেখা দেয়। ২৩ জুলাই তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল (করোনা ডেডিকেটেড) হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে করোনা শনাক্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাহমিনা তাবাসসুম দ্য ডেইলি স্টারকে জানান, ২৪ জুলাই থেকেই রহিমার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে বেশিরভাগ সময়ই অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছিল।
এ অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে রহিমা মৃত ছেলেসন্তান প্রসব করেন বলে জানান ডা. তাহমিনা।
ডা. তাহমিনা আরও জানান, সন্তান প্রসবের পর রহিমার শরীরে অক্সিজেনের মাত্রা ৫৫-৬০ এ নেমে আসে এবং শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
জানতে চাইলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ আকরামুজ্জামান মিন্টু দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনায় আক্রান্ত অন্তঃসত্ত্বাদের চিকিৎসা দেওয়া একটু কঠিন। তারপরও রহিমা ছিলেন ৩২ সপ্তাহের অন্তঃসত্ত্বা। সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।'