‘যথাসময়ে পাওয়া গেলে দেশের ৮০ শতাংশ জনগণকে টিকা দেওয়া যাবে’

স্টার অনলাইন রিপোর্ট

দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে ২১ কোটি ডোজ টিকা পাওয়া নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এই টিকা যথাসময়ে পাওয়া গেলে বাংলাদেশের ৮০ শতাংশ জনগণকে টিকা দেওয়া যাবে বলে জানান তিনি।

আজ শনিবার বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২১ কোটি টিকার মধ্যে চীন থেকে তিন কোটি, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি, কোভাক্স থেকে সাত কোটি, রাশিয়া থেকে এক কোটি, জনসন অ্যান্ড জনসন থেকে সাত কোটি ডোজ টিকা পাওয়া যাবে।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে ২৬টা ফ্রিজার পাবে। মাইনাস ৭০ থেকে ৮০ ডিগ্রি টেম্পারেচারের যেসব ভ্যাকসিন আসবে সেগুলো এসব ফ্রিজারে রাখা হবে।'

সরকার গ্রামীণ অঞ্চলে প্রবীণদের টিকা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার এবং ১৮ বছরের বেশি বয়সী শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের টিকাদানের আওতায় আনার নির্দেশনা দিয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, প্রবীণদের মৃত্যুর ঝুঁকি রয়েছে, তাদের প্রথমে টিকা দিতে হবে। সরকারি হাসপাতালে কোভিডে এ আক্রান্ত প্রায় ৭৫ শতাংশ রোগী গ্রামাঞ্চলের। কোভিডে আক্রান্ত ৯০ শতাংশই টিকা নেননি। এর অর্থ হলো ভ্যাকসিন না নেওয়ার কারণে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পর মারাত্মকভাবে আক্রান্ত হয়েছিলেন।

'আমরা যদি দ্রুত গ্রামাঞ্চলে প্রবীণদের টিকা দিতে পারি তবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমবে,' বলেন তিনি।