যৌথভাবে টিকা উৎপাদনে বাংলাদেশের সবুজ সংকেতের অপেক্ষায় চীন: দূতাবাস

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশে যৌথভাবে করোনা টিকা উত্পাদন শুরু করতে চীন বাংলাদেশ সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আজ সোমবার ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এক ওয়েবিনারে এ কথা জানিয়েছেন।

এক প্রশ্নের জবাবে দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘বাংলাদেশে যৌথভাবে টিকা উত্পাদন করতে চীন প্রস্তুত। সিনোফার্ম প্রস্তুত, সিনোভ্যাক প্রস্তুত। আপনারা যৌথ-উৎপাদনের জন্য খুব আধুনিক ও উন্নত সুযোগসুবিধা পেতে যাচ্ছেন।’

‘সবকিছু প্রস্তুত, চীন প্রস্তুত। এখন আমরা বাংলাদেশ সরকারের সংকেতের অপেক্ষায় আছি,’ যোগ করেন তিনি।

বাংলাদেশের চাহিদা অনুযায়ী টিকা সরবরাহ করতে চীন প্রতিশ্রুতি দিয়েছিল উল্লেখ করে হুয়ালং বলেন, ‘আমরা চলতি মাসের মধ্যে বা আগামী মাসের শুরুতে আরও ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করব।’

চীনের কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ সব বলেন।

এর আগে, চীন বাংলাদেশকে ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার দিয়েছিল এবং একটি ক্রয় চুক্তির অধীনে জুলাইয়ের প্রথম দিকে ২০ লাখ ডোজ টিকা সরবরাহ করেছে।

তিনি বলেন, ‘চীন সরকার এবং ভ্যাকসিন উত্পাদনকারীরা বাংলাদেশ-চীন বন্ধুত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’

এর আগে, ৬ জুলাই একটি ফেসবুক পোস্টে হুয়ালং বলেছিলেন যে যৌথভাবে টিকা উত্পাদনের জন্য চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করছে।

চীন এ পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে এবং শিগগির কোভ্যাক্সকে এক কোটি ডোজ টিকার প্রথম ব্যাচ সরবরাহ করবে বলে জানান তিনি।