রংপুর বিভাগে একদিনে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৬৭১

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬৭১ জনের। এ নিয়ে গত ১১ দিনে বিভাগে মারা গেলেন ১৫২ জন।

আজ সোমবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে- দিনাজপুর জেলার ছয় জন, রংপুরের পাঁচ জন, ঠাকুরগাঁওয়ের তিন জন, পঞ্চগড়ের তিন জন ও কুড়িগ্রাম জেলার একজন আছেন।

একই সময়ে বিভাগে এক হাজার ৯৫০ জনের নমুনা পরীক্ষায় ৬৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরের ২২৯, রংপুরের ১৩৪, ঠাকুরগাঁওয়ের ১২০, নীলফামারীর ৪৫, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৫, পঞ্চগড়ের ৩৩ ও গাইবান্ধা জেলার ৩২ জন আছেন। বিভাগে শনাক্তের হার ৩১ দশমিক ৪৪ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগে এ পর্যন্ত এক লাখ ৭৬ হাজার ৯৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্তবর্তী জেলায় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।

নতুন মারা যাওয়া ১৮ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭১ জনে। এর মধ্যে দিনাজপুর জেলার ২২৯ জন, রংপুরের ১৩৪, ঠাকুরগাঁওয়ের ১২০, নীলফামারীর ৪৫, লালমনিরহাটের ৪৩, কুড়িগ্রামের ৩৫, পঞ্চগড়ের ৩৩ ও গাইবান্ধার ৩২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৯ জন।

এ ছাড়াও, নতুন শনাক্ত ৬৭১ জনসহ বিভাগে ৩৩ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে- দিনাজপুর জেলায় ১০ হাজার ৩৫৬ জন, রংপুরের ৭ হাজার ৩১৯ জন, ঠাকুরগাঁওয়ের ৪ হাজার ৬৮০ জন, গাইবান্ধার ২ হাজার ৭২৫ জন, নীলফামারীর ২ হাজার ৪৩২ জন, কুড়িগ্রামের ২ হাজার ৩৪০ জন, লালমনিরহাটের ১ হাজার ৮৫৫ জন এবং পঞ্চগড়ের ১ হাজার ৬২২ জন আছেন।