রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্ত ৯৫৪, হার ২৬.৮৭ শতাংশ, মৃত্যু ৯

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৯৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটি বিভাগে একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৬ দশমিক ৮৭ শতাংশ। একইসময়ে বিভাগে করোনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ২৯ দিনে বিভাগে করোনায় মারা গেলেন ৩৭৮ জন। গতকালের তুলনায় বিভাগে করোনায় মৃত্যু কমলেও শনাক্তে অতীতের রেকর্ড ভঙ্গ করেছে।

আজ শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের দুইজনসহ পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম ও দিনাজপুরের একজন করে আছেন।

এ সময়ে বিভাগে ৩ হাজার ৫৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে রংপুরের ২৭২ জন, দিনাজপুরের ১৩৮ জন, ঠাকুরগাঁওয়ের ১২০ জন, পঞ্চগড়ের ১০৫ জন, গাইবান্ধার ১০৪ জন, নীলফামারীর ৯৬ জন, কুড়িগ্রামের ৯৩ জন ও লালমনিরহাট জেলার ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগে এ পর্যন্ত ৯০২ জন মারা গেছেন। এর মধ্যে দিনাজপুরে ২৬৬ জন, রংপুরে ১৯৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৩, নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৫, লালমনিরহাটে ৫৫, কুড়িগ্রামে ৫২ ও গাইবান্ধায় ৪২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪৪ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ৯৪০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ১২ হাজার ৫৮৪ জন, রংপুরে ৯ হাজার ৭২৭ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ১৬ জন, গাইবান্ধায় ৩ হাজার ৭৮০ জন, নীলফামারীর ৩ হাজার ৫২৩ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৪২৫ জন, লালমনিরহাটের ২ হাজার ১৯২ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৬৯৩ জন।

করোনা শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ১৬ হাজার ৫৭১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিভাগের আট জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুর, রংপুর ও ঠাকুরগাঁও জেলায়। এছাড়া ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোয় বেড়েছে শনাক্ত ও মৃত্যু।