রংপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যু ১৪, শনাক্ত ২১.৫৫ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রংপুর বিভাগে এক দিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। ১৪ জনের মধ্যে দিনাজপুরে বাড়ি পাঁচ জনের, ঠাকুরগাঁওয়ের চার জন, গাইবান্ধার দুই জন এবং তিন জন রংপুর, লালমনিরহাট ও পঞ্চগড়ের বাসিন্দা। এ পর্যন্ত মারা গেছেন ৫৫১ জন।’

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৪৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৩২ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে দিনাজপুরে ২৫৮ জন, ঠাকুরগাঁওয়ে ৯৪ জন, রংপুরের ৫৫, পঞ্চগড়ের ৪২, কুড়িগ্রামের ৩২, গাইবান্ধার ২৯, লালমনিরহাটের ১২ এবং ১০ জন নীলফামারীর বাসিন্দা। এই সময় সুস্থ হয়েছেন ১৪৬ জন।

গতকাল পর্যন্ত রংপুর বিভাগে মোট এক লাখ ৬০ হাজার ৬০১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত ২৭ হাজার ৬৯২ জনকে শনাক্ত করা হয়েছে।