রংপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যুর নতুন রেকর্ড

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে রংপুর বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত শুক্রবার সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ১৬ জনের মধ্যে সাত জনের বাড়ি ঠাকুরগাঁও জেলায়, দিনাজপুরের চার জন, পঞ্চগড়ের দুই জন এবং তিন জন লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার এক হাজার ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ৫৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের বাসিন্দা ১৩২ জন, দিনাজপুরে ১০৭ জন, রংপুরের ৯৫, গাইবান্ধায় ৫৭, নীলফামারীর ৫০, কুড়িগ্রামের ৪০, লালমনিরহাটের ৩৯ এবং ৩৬ জন পঞ্চগড়ের বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৮ জন।

এখন পর্যন্ত রংপুর বিভাগে এক লাখ ৬১ হাজার ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ২৮ হাজার ২৪৮ জনকে শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫৬৭ জন।