রংপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ ২১ জনের মৃত্যুর রেকর্ড
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এটি বিভাগে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। আজ রোববার দুপুরে রংপুর বিভাগীয় ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
একই সময়ে দুই হাজার ১৪৭টি নমুনা পরীক্ষা করে ৭৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ৮৪ শতাংশ।
ডা. জাকিরুল আরও বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয় জনের বাড়ি রংপুরে। এ ছাড়া, দিনাজপুরের পাঁচ জন, গাইবান্ধার তিন জন, কুড়িগ্রামের দুই জন, ঠাকুরগাঁওয়ের দুই জন এবং একজন করে তিন জন লালমনিরহাট, নীলফামারী ও পঞ্চগড়ের বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্ত ৭৪৮ জনের মধ্যে ১৫৭ জন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা। এ ছাড়া, দিনাজপুরের ১০৯ জন, রংপুরের ১০৬ জন, পঞ্চগড়ের ৯৮ জন, কুড়িগ্রামের ৯০, নীলফামারীর ৮৮, গাইবান্ধার ৬৪ ও ৩৬ জনের বাড়ি লালমনিরহাটে।