করোনাভাইরাস

রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ৩২.১৪ শতাংশ

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত নয় দিনে বিভাগে করোনায় ১১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৮৬৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৩২ দশমিক ১৪ শতাংশ।

আজ শনিবার বিকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) আবু মো. জাকিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় লালমনিরহাট জেলার তিন জন, দিনাজপুরে দুই জন, নীলফামারীর দুই জন ও ঠাকুরগাঁওয়ে একজন মারা গেছেন।

তবে, গত ২৪ ঘণ্টায় বিভাগে এর আগের সপ্তাহের তুলনায় মৃত্যু ও শনাক্তের হার কমে এসেছে বলে জানান তিনি।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন করে শনাক্ত ২৭৮ জনের দিনাজপুর জেলায় শনাক্ত হয়েছে ১৪২ জন, ঠাকুরগাঁওয়ে ৩৬ জন, রংপুরে ৩১ জন, লালমনিরহাটে ২২ জন, গাইবান্ধায় ১৯ জন, নীলফামারীতে ১৫ জন, কুড়িগ্রামে সাত জন ও পঞ্চগড়ে  ছয় জনের করোনা শনাক্ত হয়েছে।

এ নিয়ে বিভাগে এ পর্যন্ত ৩১ হাজার ৯৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ৬৩২ জন মারা গেছেন।

করোনায় এ পর্যন্ত বিভাগের দিনাজপুর জেলায় মারা গেছেন ২১৮ জন, রংপুরে ১২৩ জন, ঠাকুরগাঁওয়ে ১১৫ জন, নীলফামারীতে ৪৪ জন, লালমনিরহাটে ৪২ জন, কুড়িগ্রামে ৩২ জন, গাইবান্ধায় ২৯ জন ও পঞ্চগড়ে ২৯ জন মারা গেছেন।