রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, শনাক্ত ২৮.৯৫ শতাংশ
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা নতুন করে ৫০২ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৮ দশমিক ৯৫ শতাংশ।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের আছেন চার জন, দিনাজপুরের চার জন, গাইবান্ধার তিন জন এবং ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারীর একজন করে আছেন।
এ নিয়ে গত তিন দিনে বিভাগে করোনায় ৪৪ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে এক হাজার ৭৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ১১৫ জন, রংপুরের ৮৭ জন, নীলফামারীর ৬৩ জন, পঞ্চগড়ের ৬২ জন, কুড়িগ্রামের ৫৯ জন, গাইবান্ধার ৫৬ জন, ঠাকুরগাঁওয়ের ৩৭ জন ও লালমনিরহাটের ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
নতুন করে মারা যাওয়া ১৪ জনসহ বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬৪ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৭৬ জন, রংপুরে ২১২ জন, ঠাকুরগাঁওয়ে ১৮৬, নীলফামারীতে ৬৯, পঞ্চগড়ে ৬১, লালমনিরহাটে ৫৬, কুড়িগ্রামে ৫৪ ও গাইবান্ধায় মারা গেছেন ৫০ জন।