রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ২৮.০২ শতাংশ
রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় দুই হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ।
আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৭ দিনে বিভাগে করোনায় ৩৫৮ জন মারা গেছেন বলে জানান তিনি।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের আছেন পাঁচ জন, ঠাকুরগাঁওয়ের পাঁচ জন, কুড়িগ্রামের দুই জন, দিনাজপুরের দুই জন এবং লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে আছেন।
এ সময়ে বিভাগে দুই হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে রংপুরের আছেন ১৮৬ জন, গাইবান্ধার ৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন ও লালমনিরহাটের ২৪ জন।
বিভাগে এ পর্যন্ত ৮৮২ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। তাদের মধ্যে দিনাজপুরে ২৬২ জন, রংপুরে ১৮৯ জন, ঠাকুরগাঁওয়ে ১৭০ জন, নীলফামারীতে ৬৪ জন, পঞ্চগড়ে ৫৪ জন, লালমনিরহাটে ৫৩ জন, কুড়িগ্রামে ৪২ জন ও গাইবান্ধায় ৪১ জন।