রাজবাড়ীতে এক নারীকে একসঙ্গে ২ ডোজ টিকা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ইসমত আরা (৩১) নামে এক নারীকে একসঙ্গে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকাল ১১টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়া বাড়ী দাখিল মাদ্রাসা কেন্দ্রে তিনি টিকা নিতে গিয়েছিলেন।
ইসমত আরার স্বামী নাহিদুল ইসলাম স্বপন জানিয়েছেন, আজ সকালে তিনি তার স্ত্রীকে নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। স্বাস্থ্যকর্মী প্রথমে ইসমত আরার বাম হাতে টিকা দেন। ইসমত আরা ডান হাত দিয়ে তার টিকা গ্রহণের স্থান ধরে রেখেছিলেন। সে সময় অন্য এক স্বাস্থ্যকর্মী তার ডান হাতেও টিকা দেন।
এ ঘটনায় নাহিদুল ইসলাম স্বপন উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি আরও অভিযোগ করেন, কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন দ্য ডেইলি স্টারকে বলেন, ভুলবশত ইসমত আরাকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি ভালো আছেন।
টিটন বলেন, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে (আরএমও) তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।