রামেক করোনা ইউনিটে আজ আরও ১২ জনের মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১২ জনের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহীতে, তিন জন চাঁপাইনবাবগঞ্জ, একজন নাটোর, একজন নওগাঁ ও একজন পাবনার বাসিন্দা। এদের মধ্যে দুই জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ১০ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া দুই জনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে ও একজন চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৫৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করে ১২৯ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৭৯টি নমুনা পরীক্ষা করে ১০১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৫টি নমুনা পরীক্ষা করে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৮৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২৯ দশমিক ৪৭ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৬৪ জন। এর আগে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৭৮ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৮৫ জন।