রামেক করোনা ইউনিটে আজ আরও ১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন পুরুষ ও ছয় জন নারী।

আজ মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৯ জনের মধ্যে ১০ জনের বাড়ি রাজশাহীতে, নাটোর ও নওগাঁর দুই জন করে চার জন এবং চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও জয়পুরহাটের একজন করে পাঁচ জন মারা গেছেন। এদের মধ্যে চার জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ১৫ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া চার জন রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনার বাসিন্দা ছিলেন।’

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৪৩০টি নমুনা পরীক্ষা করে ১২৬ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৩৭৫টি নমুনা পরীক্ষা করে ১১৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫৪টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৯ দশমিক ০৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৮ দশমিক ৫২ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬ রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭৩ জন। এর আগে ৪০৫টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৯৫ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৮৯ জন।