রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৮.৫৫ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জন মারা গেছেন।

এরমধ্যে রাজশাহীর ১২ জন, নাটোরের দুই জন এবং চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে আছেন।

তাদের মধ্যে করোনায় মারা গেছেন আট জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন নয় জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আজ সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৬৪৮ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ১৮৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫৫ শতাংশ।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা আছে ৫১৩টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৩৯৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪২ জন।