রামেক করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫.৪৪ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৮ জন মারা গেছেন।

এরমধ্যে রাজশাহীর আট জন, নাটোরের চার জন, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জে দুজন করে এবং নওগাঁ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন।

তাদের মধ্যে করোনায় মারা গেছেন চার জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৪ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ২২৪ জনের। আর করোনা শনাক্ত হয়েছে ৫৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়াও, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পরও উপচে পড়ছে রোগী। এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এরমধ্যে রোগী ভর্তি আছেন ৪৩৭ জন। আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৪৫ জন।