রামেক করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন পুরুষ ও নয় জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৯ জনের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহীতে, ছয় জনের বাড়ি নাটোর, দুই জনের বাড়ি নওগাঁয়, একজন পাবনা ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে আট জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া আট জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে, তিন জন নাটোর, একজন পাবনা ও একজন নওগাঁর বাসিন্দা।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৩০ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৬৩ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৬১ জন। এর আগে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৫২২ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৫১৮ জন।