রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু বেড়ে ১২
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন পুরুষ ও চার জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, '১২ জনের মধ্যে পাঁচ জনের বাড়ি রাজশাহীতে। এ ছাড়া, একজন চাঁপাইনবাবগঞ্জ, দুই জন নাটোর, দুই জন নওগাঁ ও দুই জন পাবনার বাসিন্দা। এদের মধ্যে আট জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া আট জনের মধ্যে চার জন রাজশাহী, একজন চাঁপাইনবাবগঞ্জ, দুই জন নাটোর ও একজনের বাড়ি পাবনায়।'
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৩ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৩২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১০৪টি নমুনা পরীক্ষা করে ১৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৮৩টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১৯ দশমিক ১৯ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৪৮ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৩ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ২৫৪ জন। বর্তমানে মোট ২৪০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।