রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ১৪
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নয় জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৪ জনের মধ্যে সাত জনের বাড়ি রাজশাহীতে, চার জনের বাড়ি নাটোর এবং পাবনা, জয়পুরহাট ও চুয়াডাঙ্গার তিন জন বাসিন্দা রয়েছেন। এদের মধ্যে ছয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। আট জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া ছয় জনের মধ্যে দুই জনের বাড়ি রাজশাহীতে, তিন জন নাটোর ও একজন পাবনার বাসিন্দা।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ৭৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮০টি নমুনা পরীক্ষা করে ৭২ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৯৭টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৮৩টি নমুনা পরীক্ষা করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৭৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ৪৮ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ২৬ জন। এর আগে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৫০১ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৫২২ জন।