রামেক হাসপাতালের করোনা ইউনিটে আজ মৃত্যু ৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'নয় জনের মধ্যে একজনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, দুই জন নাটোর, একজন নওগাঁ, দুই জন পাবনা, একজন মেহেরপুর ও একজন কুষ্টিয়ার বাসিন্দা। এদের মধ্যে পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে একজন রাজশাহী, একজন নাটোর, একজন নওগাঁ ও দুই জন পাবনার বাসিন্দা।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৫৯ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৬২০টি নমুনা পরীক্ষা করে ৮৪ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১১৩টি নমুনা পরীক্ষা করে ১৪ জন, নাটোরের ৩৪৩টি নমুনা পরীক্ষা করে ৫১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৯৪টি নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ ছাড়া, নওগাঁর ৬৮টি ও জয়পুরহাটের দুইটি নমুনা পরীক্ষায় দেখে গেছে কেউ আক্রান্ত নন। 

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৮ দশমিক ৬২ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ২০ দশমিক ২১ শতাংশ ও নাটোরে ১৪ দশমিক ৮৬ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪৯ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৬৩ জন। বর্তমানে মোট ৩৪২ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।