রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১১
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয় জন পুরুষ ও পাঁচ জন নারী। আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, '১১ জনের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহীতে, একজন নাটোর, একজন নওগাঁ, দুই জন পাবনা ও একজনের বাড়ি কুষ্টিয়ায়। এদের মধ্যে সাত জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে এবং একজন করে তিন জন নওগাঁ, পাবনা ও কুষ্টিয়ার বাসিন্দা।'
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৬৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৯২টি নমুনা পরীক্ষা করে ৩৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ৪৬টি নমুনা পরীক্ষা করে ২৪ জন, নওগাঁর ৪৪টি নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬৫ দশমিক তিন শতাংশ ও নওগাঁয় ২৯ দশমিক পাঁচ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৭ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪১২ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪১৯ জন।