রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জন পুরুষ ও আট জন নারী। আজ শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, '১৫ জনের মধ্যে আট জনের বাড়ি রাজশাহীতে, একজন চাঁপাইনবাবগঞ্জ, দুই জন নাটোর, একজন নওগাঁ, একজন কুষ্টিয়া ও দুই জন পাবনার বাসিন্দা। এদের মধ্যে পাঁচ জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া পাঁচ জনের মধ্যে তিন জন রাজশাহীর বাসিন্দা। এ ছাড়া, একজন চাঁপাইনবাবগঞ্জ ও একজনের বাড়ি নাটোরে।'

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৯৫ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ২৮১টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৪৭টি নমুনা পরীক্ষা করে ৩১ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৩৪টি নমুনা পরীক্ষা করে চার জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৩ দশমিক ৮১ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১১ দশমিক ৭৬ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৭ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৩৪ জন। এর আগে ৫১৩টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৩৯১ জন। বর্তমানে মোট ৪০৩ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।