রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৮
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও চার জন নারী। আজ বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৮ জনের মধ্যে নয় জনের বাড়ি রাজশাহীতে, দুই জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে, নাটোরের দুই জন, নওগাঁর তিন জন, পাবনার একজন ও একজনের বাড়ি কুষ্টিয়ায়। এদের মধ্যে নয় জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। নয় জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া চার জন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নওগাঁ ও নাটোরের একজন করে মোট পাঁচ জন করোনায় মারা গেছেন।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ২৪ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করে ১১৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ২৪১টি নমুনা পরীক্ষা করে ৮৬ জন ও চাঁপাইনবাবগঞ্জের ১৩৫টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ২৬ দশমিক ৫৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ২০ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৪৮ জন। এর আগে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৪৭০ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৪৮৫ জন।