রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৯

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন পুরুষ ও সাত জন নারী। আজ রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৯ জনের মধ্যে ছয় জনের বাড়ি রাজশাহীতে, দুই জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, তিন জন নওগাঁ, তিন জন পাবনা, সিরাজগঞ্জের একজন ও একজনের বাড়ি সিরাজগঞ্জে। এদের মধ্যে আট জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। ১১ জন মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। করোনায় মারা যাওয়া আট জনের মধ্যে চার জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং একজন করে তিন জন নাটোর, নওগাঁ ও বগুড়ার বাসিন্দা।’

শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ১০০ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৪৩০টি নমুনা পরীক্ষা করে ১৪৩ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৮৭টি নমুনা পরীক্ষা করে ৫৮ জন ও নওগাঁর ২৪৩টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯ শতাংশ এবং নওগাঁয় ৩৪ দশমিক ৯৮ শতাংশ।

হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৭৬ জন। এর আগে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৫১৭ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৫০৪ জন।