রামেক হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় মৃত্যু ২৫
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। আজ বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘২৫ জনের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহীতে, তিন জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, তিন জন নাটোর, দুই জন নওগাঁ, তিন জন পাবনা, কুষ্টিয়ার একজন ও একজনের বাড়ি যশোরে। এদের মধ্যে সাত জন কোভিড-১৯ পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনায় মারা যাওয়া সাত জনের মধ্যে তিন জনের বাড়ি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, পাবনার একজন ও একজন যশোরের বাসিন্দা।’
শামীম ইয়াজদানী আরও জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করোনায় আক্রান্ত ৯৭ জনকে শনাক্ত করা হয়েছে। মেডিকেল কলেজ ল্যাবে ৩৩৮টি নমুনা পরীক্ষা করে ৮৫ জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১৪৮টি নমুনা পরীক্ষা করে ৫২ জন, নওগাঁর ৫৭টি নমুনা পরীক্ষা করে আট জন ও চাঁপাইনবাবগঞ্জের ১৩৩টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ, নওগাঁয় ১৪ দশমিক ০৪ শতাংশ ও চাঁপাইনবাবগঞ্জে ১৮ দশমিক ৮০ শতাংশ।
হাসপাতাল সূত্র জানিয়েছে, রামেক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭২ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন ৫৪ জন। এর আগে ৪৫৪টি শয্যার বিপরীতে ভর্তি ছিলেন ৫০৪ জন। নতুন ভর্তিসহ বর্তমানে মোট চিকিৎসা নিচ্ছেন ৫০০ জন।