শরীয়তপুরে ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৬.৯৯ শতাংশ, মৃত্যু ২

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর

শরীয়তপুরে গত ২৪ ঘণ্টায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৬.৯৯ শতাংশ। একই সময়ে করোনায় মারা গেছেন দু'জন।

শরীয়তপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জেলায় করোনার সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫৬.৯৯ শতাংশ। একই সময়ে মারা গেছেন দু'জন।

জেলা স্বাস্থ্য বিভাগ আরও জানিয়েছে, বর্তমানে জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ হাজার ৩৬০ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৯৩ জন। মারা গেছেন ৫০ জন।

শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান দ্য ডেইলি স্টারকে জানান, করোনা গ্ৰামের মানুষের মাঝে সচেতনতার মারাত্মক ঘাটতি আছে। গ্ৰামের হাটবাজারে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পুলিশ দেখলে মানুষ পালিয়ে যায়, তারা ফিরে এলে আবার বাজারে জনসমাগম হয়। মানুষকে সচেতন করতে গ্ৰামের প্রতিটি হাটবাজারে মাইকিং করা হচ্ছে। ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কমিটি গঠন করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহায়তায় কাজ করবে এই কমিটির সদস্যরা।