শেবাচিম হাসপাতাল থেকে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার গায়েব

নিজস্ব সংবাদদাতা, বরিশাল

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার হারিয়ে গেছে। সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ সিলিন্ডারের হিসাব করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।

হাসপাতাল সূত্র জানায়, স্টোর অফিসার অনামিকা ভট্টাচার্য সম্প্রতি হাসপাতালের অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটারের (অক্সিজেন পরিমাপের যন্ত্র) তালিকা তৈরি করেন। তাতে ৪৪টি অক্সিজেন সিলিন্ডার ও ৭৫টি ফ্লো মিটার কম পাওয়া যায়। এ ঘটনায় ওয়ার্ড মাস্টার মশিউর আলমকে তাৎক্ষণিকভাবে বদলি করে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রোববার সকালে হাসপাতালের পরিচালক ডা. এসএম সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার কেন পাওয়া যাচ্ছে না সে বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে। আমরা আশঙ্কা করছি এই সংখ্যা আরও বেশি হতে পারে। যে কারণে হাসপাতালের উপপরিচালক আব্দুর রজ্জাককে প্রধান ও করোনা ইউনিটের তত্ত্বাবধায়ক ডা. মনিরুজ্জামান শাহীনকে সদস্য সচিব করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ডা. রাজ্জাক করোনায় আক্রান্ত হয়েছেন। কমিটির বাকি সদস্যরা কাজ করছেন। আমরা আশা করছি, এই সপ্তাহের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে এবং তাতে প্রকৃত ঘটনা উঠে আসবে— বলেন ডা. সাইফুল ইসলাম।

হাসপাতাল সূত্র আরও জানিয়েছে, শেবাচিম হাসপাতালের ৬১২টি অক্সিজেন সিলিন্ডার ও ৬১২টি ফ্লো মিটার থাকার কথা।