সাতক্ষীরায় আজ এক মাসে সর্বনিম্ন শনাক্ত ১৭.৬৮ শতাংশ, মৃত্যু ৫

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় এক দিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে ২৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগের ২৪ ঘণ্টায় তুলনায় সাতক্ষীরা করোনা শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ কমেছে। গতকাল পাওয়া প্রতিবেদন অনুযায়ী শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৭৭ শতাংশ। গত এক মাসের মধ্যে আজ শনাক্তের হার সর্বনিম্ন। জেলায় এ পর্যন্ত ১৩ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করে তিন হাজার ৫০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৬১৯ জন। মারা গেছেন ৭৪ জন। বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ৮০৮ জন। এর মধ্যে ৩৬ জন সাতক্ষীরার সরকারি ও বেসরকারি হাসপাতালে এবং বাকি ৭৭২ জন  বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে জেলায় ৩৫৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হলো। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়াল।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, হাসপাতালে ২৫০ শয্যার বিপরীতে ২৮৬ জন রোগী ভর্তি রয়েছে। জনবল সংকটে রোগীদের চিকিৎসা দিতে সমস্যায় পড়তে হচ্ছে।