সাতক্ষীরায় আজ মৃত্যু ৫, করোনা শনাক্তের হার ৪২.৮১ শতাংশ
দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ রোববার দুপুরে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন হুসাইন সাফায়াত দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্ত ১২৭ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৫৯ শতাংশ।
এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৬৮।
ডা. হুসাইন সাফায়াত আরও বলেন, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ১ জুন থেকে ২ জুলাই পর্যন্ত ৩২ দিনে ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ২৮ জন ও উপসর্গ নিয়ে ১৩১ জন মারা গেছেন। এই সময় চার হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে করোনা আক্রান্ত এক হাজার ৮৮৩ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২ দশমিক ৮১ শতাংশ। এই ৩২ দিনে জেলায় সরকারি চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী মিলে ১৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭৫ জন ও উপসর্গ নিয়ে ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির জানিয়েছেন, সাতক্ষীরা জেলায় ৫ জুন থেকে টানা লকডাউন চলছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শহরের প্রধান প্রধান সড়কে টহল দিচ্ছে। পাশাপাশি প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের কাছ থেকে ৪৫ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।