সাতক্ষীরায় ছয় দিন পরে পিসিআর ল্যাব চালু, আজ মৃত্যু ৬
করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ নিয়ে চলতি মাসে সংক্রমণের উপসর্গ নিয়ে ১৯৩ জন ও করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হলো। জুন মাসে উপসর্গ নিয়ে ১২২ জন ও করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছিল। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৫৪২ জন ও আক্রান্ত ৮৫ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ২৫ জন রোগী ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬ জন।
ছয় দিন বন্ধ থাকার পর আজ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা শুরু হয়েছে। ল্যাবের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অভিজিৎ গুহ জানিয়েছেন, গত রোবরার ল্যাবের সব মেশিন দূষিত হয়ে পড়েছিল। গতকাল ট্রায়াল দেওয়ার পরে নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।