সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ছেন, মৃত্যু-শনাক্ত বেড়েছে

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। ঈদ উপলক্ষে অনেক রোগী সম্পূর্ণ সুস্থ হওয়ার আগেই হাসপাতাল ছাড়ছেন।

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন দপ্তরের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার দ্য ডেইলি স্টারকে জানান, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরার আরটিপিসিআর ল্যাবে ৩২৪ জনের নমুনায় করে ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৮ দশমিক ৩৯ শতাংশ। চলতি মাসের ২০ দিনে এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৩৫ জনে। করোনা শনাক্ত হয়ে মৃত্যু আট।

এর আগের ২৪ ঘণ্টায় ৩৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৮৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল শতকরা ২২ দশমিক ৫৯ শতাংশ। ২৪ ঘণ্টার ব্যবধানে জেলায় করোনা শনাক্তের হার বেড়েছে শতকরা ৫ দশমিক ৮ শতাংশ। 

গত জুন মাসে উপসর্গ নিয়ে ১২২ জন ও করোনায় আক্রান্ত হয়ে ২৮ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত জেলায় করোনা উপসর্গ নিয়ে ৪৮৫ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়কের দপ্তর সূত্রে জানা গেছে, সম্পূর্ণ সুস্থ না হয়েও ঈদ উপলক্ষে অনেক রোগী নিজ দায়িত্বে ছুটি নিয়ে হাসপাতাল ছেড়ে যাচ্ছেন। ফলে হাসপাতালে রোগী কমছে।

আজ মঙ্গলবার হাসপাতালে ভর্তি আছেন ২১২ জন। গতকাল সোমবার ভর্তি ছিলেন ২৪০ জন। এর আগে রোববার হাসপাতালে ২৬৫ জন ভর্তি ছিলেন।

চলতি মাসের ১-১৮ তারিখ পর্যন্ত গড়ে এ হাসপাতালে রোগী ছিল ২৬৫ থেকে ২৮৫ জন।

গতকাল সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন। অন্যদিকে, হাসপাতাল থেকে চলে গেছেন ৬৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৭ জন। হাসপাতাল ছেড়েছেন ৫৯ জন।

হাসপাতালের করোনা ওয়ার্ডের দায়িত্বে থাকা মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানস মণ্ডল জানান, এ হাসপাতালে সোম ও মঙ্গলবার রোগীর সংখ্যা কমেছে। দেখা যাচ্ছে যেসব রোগীর এখনও চিকিৎসার দরকার তারা কিছুটা সুস্থ অনুভব করলেই ঈদ উপলক্ষে নিজেদের দায়িত্বে হাসপাতাল ছেড়ে বাড়ি যাচ্ছেন। চিকিৎসা শেষ না করে চলে যাওয়ায় সংক্রমণ আরও বেড়ে যেতে পারে।