সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত ২০.৯৮ শতাংশ, মৃত্যু ৬
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় ৫৫৩টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত ১১৬ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৮ শতাংশ।
একই সময়ে মারা গেছেন ছয় জন। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ও পাঁচ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এ তথ্য দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় জনই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত চার হাজার ৪১২ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৭৭ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪২৫ জন।
সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত বলেন, ‘জনসচেতনতার অভাবে জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। চলমান লকডাউনের মধ্যে সড়কে কোথাও কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড চোখে পড়েনি। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় জেলা শহরের প্রত্যেকটি সড়কে বেড়েছে প্রচুর মানুষের যান চলাচল। হাট-বাজারগুলোতেও জনসমাগম বেড়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান-পাটে। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচলও।’
সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ডেইলি স্টারকে বলেন, ‘লকডাউনের বিধি-নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘণ্টায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩৮টি মামলায় ২৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’