সাতক্ষীরা করোনা হাসপাতালে এক মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সাতক্ষীরা

গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে তিন জন মারা গেছের। যা গত এক মাসের মধ্যে উপসর্গ নিয়ে সর্বনিম্ন মৃত্যুর সংখ্যা। একই সময়ে ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ।

আজ বৃহস্পতিবার সাতক্ষীরা সিভিল সার্জনের দপ্তরের চিকিৎসা কর্মকর্তা ডা. জয়ন্ত সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. জয়ন্ত সরকার জানান, করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। এ সংখ্যা গত এক মাসের মধ্যে সর্বনিম্ন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছ। শনাক্তের হার ১৯ দশমিক ১৭ শতাংশ। জেলায় এ পর্যন্ত ১৮ হাজার ৮০৮ জনের নমুনা পরীক্ষায় চার হাজার ৮২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৫ দশমিক ৬৫ শতাংশ।

জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২১৩ জন। এর মধ্যে ৩০ জন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বাকি এক হাজার ১৮৩ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় ৮২ জন ও উপসর্গ নিয়ে ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ববধায়ক কুদরত-ই-খোদা জানান, ঈদের কারণে অনেক রোগী চিকিৎসা শেষ না করে ছুটি নিয়ে নিজ দায়িত্বে বাড়ি চলে গেছেন। এ জন্য রোগী সংখ্যা কম। আজ রোগীর সংখ্যা ১৮৮ জন। এ সংখ্যা ঈদের দুই আগে পর্যন্ত ছিল ২৬৫-২৮৫ জন।